আন্তর্জাতিক

চাষাড়ায় ২ মাসের বেতন না দিয়েই মন্ডল গার্মেন্টসে তালা: শ্রমিকদের তীব্র বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া পুলিশ লাইনসংলগ্ন ট্যাঙ্গারপাড় এলাকায় অবস্থিত মন্ডল গার্মেন্টসে ২ মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কারখানার সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রকাশ করছেন শত শত গার্মেন্টস শ্রমিক।

​সোমবার সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন মূল ফটকে তালা ঝুলছে। গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়া এবং গত দুই মাসের পাওনা বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।

​আন্দোলনরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না। ঘর ভাড়া, দোকানের বাকি ও সংসারের দৈনন্দিন খরচ চালাতে তারা চরম মানবিক সংকটে পড়েছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। অবিলম্বে বকেয়া পরিশোধ এবং কারখানা খোলার জোর দাবি জানান তারা।

​পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়তি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে জানতে মন্ডল গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *